রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও তার পিএস নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে জোরপূর্বক স্বাক্ষর নেন।
প্রত্যক্ষদর্শী ও উপাচার্য জানান, সকাল ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় উপাচার্যকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে উপাচার্যের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেয়।
পরে সেকশন কর্মকর্তা ও ভিসির পিএস নাজমুল হোসাইনকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।
স্বাক্ষর নেয়ার পর তাদের কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্তরা। একই সময়ে উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
নাজমুল হোসাইন অভিযোগ করেন, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করেন। পরে জোরপূর্বক তার কাছ থেকেও পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
আই/এ