রাজনীতি

অর্থনৈতিক খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয় : জামায়াত

দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয়। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে রাষ্ট্রের সব পক্ষের সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিটিএমএর নেতারা তাদের খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। বিশেষ করে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন,  রফতানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরকারি রাজস্ব সুরক্ষা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

তিনি বলেন, টেক্সটাইল খাতের এসব সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে এ খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে টেক্সটাইল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা করছেন এবং কিছু সমস্যার সমাধানও হয়েছে।

তিনি বলেন, বৈঠকে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি ও বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনও সমস্যার মুখে রয়েছে। এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ কিছু বিষয় নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোলাম পরওয়ার #জামায়াত