জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

ছবি: ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি।

তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা উৎসব করবে না বিএনপি। গেল কয়েক বছর ধরে জন্মদিন পালনে এমন সিদ্ধান্ত অনুসরণ করে আসছেন দলটির নেতাকর্মীরা।

তবে জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব আয়োজন হওয়ার কথা রয়েছে। সেখানে এতিমদের মধ্যে খাবারও বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

এবারের জন্মদিন তারেক রহমানের রাজনৈতিক জীবনে নতুন এক অধ্যায়ের মধ্যেই এসেছে। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে দলকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে জয় এবং সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ—সব মিলিয়ে তার রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দেশে ফেরার পর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। 

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #জিয়াউর রহমান #খালেদা জিয়া