ক্যাম্পাস

অনলাইনে উপাচার্যের যোগদান, চুয়েট শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে আন্দোলনের পঞ্চম দিনে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল লাল কার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিলটি জড়ো হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি রেড কার্ড, রেড কার্ড রেড কার্ড’, ‘মানি না, মানি না, অনলাইন ভিসি মানি না’, ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘উই ওয়ান্ট সায়েম স্যার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি সায়েম স্যার মাত্র ৫৬ দিনে শিক্ষার্থীবান্ধব তার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার বক্তব্যে আমাদের এই আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ আমরা প্রত্যেক হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছি। তার এই নিন্দনীয় বক্তব্য ও অনলাইনে যোগদানকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

এর আগে নতুন উপাচার্যের যোগদান ঠেকাতে শুক্রবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। শনিবার সকালেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা।

উল্লেখ্য, গেল ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে পরিবর্তন করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন ও গণ–অবস্থান কর্মসূচি চলছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #চুয়েট #উপাচার্য #রেড কার্ড