চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য যোগদানকৃত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারাও আটকা পড়ে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, তাদের দেয়া তালা ভেঙে নতুন ভিসি ছাত্রদলের নেতাদের নিয়ে ভিসি ভবনে প্রবেশ করে। খবর পেয়ে সকাল সাড়ে নয়টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তাঁরা। একপর্যায়ে দুপুর ১২টার পর তাঁরা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য ভবনের বিদ্যুৎ–সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ভেতরে উপাচার্যের সঙ্গে আটকা পড়া ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ফোনে গণমাধ্যমকে বলেন, ‘সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিছু শিক্ষার্থী আন্দোলন করছেন। আজকে সকালেও ফুল নিয়ে আসার সময় আমাদের এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে।’
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় শেখ শরীফুল আলমকে। এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
আই/এ