ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সজীব শেখ (২৪)।
শনিবার (২৯ আগস্ট) নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নওপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার দুই বন্ধু নয়ন ও সজীব।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা নেওয়ার পথে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এসআই সোহেল খান জানান, ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত এবং দুজন গুরুতর আহত হন। পরে বাকি দুজনেরও মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আর/আই