জাতীয়

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।”

দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত করা সম্ভব হয়েছে, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। এসব প্রতিষ্ঠানের ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান