আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের পৃথক হামলায় এমএসএফের দুই কর্মীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলের পৃথক দুটি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাফাহ শহরে এক হামলায় তিনজন নিহত হন। অন্যদিকে গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) একটি চিকিৎসাকেন্দ্রের প্রাঙ্গণে হামলায় নিহত হন দুই নিরাপত্তাকর্মী।

রাফাহ শহরে হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তিনজন সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তাদের পরিচয় বা হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

অন্যদিকে, গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের কাছে এমএসএফের বেলজিয়াম শাখার চিকিৎসাকেন্দ্রের প্রাঙ্গণে একটি ভবনে হামলা চালানো হয়।

স্থানীয় ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত দুই নিরাপত্তাকর্মীর নাম আহমেদ সুফিয়ান আবু হাসিরা ও মোয়াজ আবু সুবহ। তারা রাতের পালায় দায়িত্ব পালন করছিলেন। অ্যাম্বুলেন্সকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নিয়ে যান।

এমএসএফ জানিয়েছে, হামলার শিকার ভবনটি তাদের পরিচিতিমূলক চিহ্ন দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। স্থাপনাটির অবস্থান সম্পর্কেও ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। সংস্থাটি এ হামলাকে ‘এমএসএফের ওপর সরাসরি আঘাত’ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।

এমএসএফ আরও জানায়, এ ঘটনায় গাজায় তাদের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা চিকিৎসাকেন্দ্রের ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, গাজা সিটিতে নিহত দুই নিরাপত্তাকর্মী হামাসের সদস্য ছিলেন। তারা মানবিক সহায়তাকর্মীর পরিচয় ব্যবহার করে কাজ করছিলেন।

গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গাজায় স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও মানবিক কর্মীদের ওপর হামলা জঘন্য ও অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “যারা অন্যদের বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করেন, তাদের সুরক্ষা দিতে হবে, আক্রমণ করা যাবে না।”

এদিকে ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। জাবালিয়া ও রাফাহসহ বিভিন্ন এলাকায় পৃথক হামলা ও গোলাগুলির ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এতে বেসামরিক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার কর্মীরাও প্রাণ হারাচ্ছেন।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #নিহত #ইসরাইল #হামলা