অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বায়ান্ন প্রতিবেদন

স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে একের পর এক তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এবার এক লাফে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছাড়িয়েছে ২ লাখ টাকা। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য।

বাজুসের নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পুরোনো স্বর্ণের অলঙ্কার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। তবে এ দুই প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

এর আগে ২৭ নভেম্বর প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই মূল্য ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭০ বার দাম বেড়েছে, কমেছে ৭৭ বার। একবার সমন্বয় করা হয়েছে ভ্যাট। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার বেড়েছে এবং ৪৪ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। সে বছর ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস