বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া ও খরচ বেড়ে যাওয়ায় পোশাক তৈরির কাজ অন্য দেশে সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশে তাদের দেওয়া মাসিক পোশাক তৈরির ফরমাশের প্রায় ১০ শতাংশ অন্য এশীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত।
বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন তিন কারখানা মালিক।
তৈরি পোশাক মালিকদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের পোশাক তৈরির কাজ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এটি বড় ধাক্কা। চলমান অস্থিরতা কাটলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিল্পসংশ্লিষ্ট নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে কম খরচে পোশাক তৈরির যে সুবিধা ছিল, তা কমে এসেছে। এই সুবিধার কারণেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। তবে এখন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো একাধিক দেশে পোশাক তৈরির ব্যবস্থা করছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাবে, শ্রমিক অসন্তোষের কারণে পোশাকশিল্পে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি শিল্প খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাকশিল্পের ওপর নির্ভরশীল।
ভারতসহ চার দেশে যাচ্ছে পোশাক তৈরির কাজ
বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া পোশাক তৈরির কাজের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। এ ছাড়া সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য পৌঁছানোর নিশ্চয়তা পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।
গত বুধবার (২৫ নভেম্বর) তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার। শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। নতুন সিদ্ধান্তে তাঁদের দাবি পূরণ না হওয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষ হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিল্পসংশ্লিষ্ট নেতারা বলছেন, নতুন মজুরি কাঠামোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশে শ্রমিকদের কম মজুরিতে কাজ করানোর যে সুবিধা ছিল, তা আরও কমবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।
সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা বাবুল আখতার বলেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে পোশাক তৈরির কাজ সরিয়ে নেওয়া উচিত নয়। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রেতারা পোশাক তৈরির দেশ বাছাইয়ের সময় রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টি আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই বর্তমান পরিস্থিতিকে কাজ সরিয়ে নেওয়ার কারণ হিসেবে দেখানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কারখানার মালিকেরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক তৈরির কাজ সরিয়েছে। এসব কাজের বড় অংশ পেয়েছে ভারত।
জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছেও মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তারাও কোনো জবাব দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বাড়ে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য পরিষেবার খরচ এবং কাঁচামালের দাম বাড়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘ক্রেতারা যখন কম দামে পণ্য চাইছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।’
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু কাজ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে পোশাকশিল্প।
ভবিষ্যতের কাজও হারানোর আশঙ্কা
কারখানার মালিকদের বড় উদ্বেগ, ইতিমধ্যে অন্য দেশে চলে যাওয়া কাজের পাশাপাশি ভবিষ্যতে আরও কাজ হারাতে পারে বাংলাদেশ। কারণ, আন্তর্জাতিক ক্রেতারা এখন নতুন করে বিবেচনা করছেন কোথা থেকে পোশাক তৈরি করালে নির্ধারিত সময়ে পণ্য হাতে পাওয়া যাবে।
মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে জ্বালানি সরবরাহের ঘাটতি আরও বেড়েছে। এতে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, পোশাক কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহের চাপে থাকে, তখন দাম তাদের কাছে দ্বিতীয় বিবেচ্য হয়ে যায়।’
তার তথ্য অনুযায়ী, ভারত থেকে পোশাক সরবরাহ করলে বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য পৌঁছানো সম্ভব। আর ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।
বাংলাদেশে পোশাক তৈরি ও সরবরাহে সাধারণত প্রায় ১২০ দিন লাগে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহের কাজ শেষ করতে পারে।
উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকাসহ আশপাশের এলাকার কারখানাগুলোতে কাজের জট তৈরি হয়েছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং বেশি খরচে আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডের কাছে পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে নতুন কাজ পাওয়ার পরিমাণ ইতিমধ্যে কমে গেছে।
তিনি বলেন, ‘১ নভেম্বরের পর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তারা আমাদের জানাচ্ছেন, ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
শিল্পসংশ্লিষ্ট নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময় যেসব কাজ অন্য দেশে চলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।
তিনি বলেন, ‘সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’
এসি//