গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় লক্ষ্যবস্তু হয়েছিলেন হামাসের প্রধান নেতা খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া। তবে হামলা থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। এতে খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গাজার শিফা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা। তবে হামলায় কেউ নিহত হননি বলে দাবি করেছে হামাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাসেম নাঈম জানান, ১৯৯৭ সালে জন্ম নেওয়া ইজ্জেলদিন আল-হাইয়া তার বাবার একমাত্র জীবিত ছেলে। ইসরাইলি বাহিনীর হামলায় তার অন্য চার ছেলে নিহত হয়েছেন। শুক্রবারের হামলায় নিহত এক ছেলের পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে তারাও বেঁচে গেছেন।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের দেওয়া হুমকির পর খলিল আল-হাইয়ার পরিবারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার পর সম্ভাব্য পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন খলিল আল-হাইয়া।
সংগঠনটির অভিযোগ, ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করার উদ্দেশ্যেই ইসরাইল ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। এসব হামলার পরিণতির জন্য ইসরাইলকে দায়ী করেছে হামাস। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইজ্জেলদিন আল-হাইয়া হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই। ২০২৫ সালে কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় নিহত হন হামাম। ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান খলিল আল-হাইয়া। গত জুলাইয়ে তাকে হামাসের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরাইলি হামলায় আরেক ছেলে আজ্জামকে হারান তিনি।
সূত্র: আল জাজিরা
এসি//