নেত্রকোণায় মাহফিল থেকে ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে আওয়ামী লীগের লোক ভেবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান নোমানী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে দিবাগত রাত আড়াইটার এ ঘটনা ঘটে।এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে নোমানী বলছেন, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান, আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও।
নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, মাহফিল থেকে ফেরার পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন নোমানী। গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যান তিনি। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।
তিনি বলেন, পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। তবে এ সময় হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন।
নেত্রকোণার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ডেইলি স্টারকে বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছিল। ঘটনাটি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটা কোনো ডাকাতির ঘটনা নয়।’
আই/এ