দেশজুড়ে

সিলেট-৩ আসনের বিএনপি এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা

ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন এমপি। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একাংশ পুড়ে গেলেও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমপি এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে জানতে পারেন, বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শব্দ শুনে তার স্ত্রী ও ছেলেও ঘর থেকে বেরিয়ে আসেন।

হামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল বলে জানিয়েছেন তিনি। পেট্রলবোমা নিক্ষেপের পরপরই তারা পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা চার নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এম এ মালেক বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনি এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।’

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #বিএনপি #পেট্রলবোমা হামলা