দেশজুড়ে

এবার পুলিশ পাহারায় ফার্মেসি খোলার পর বোরকা পরে এসে গুলি, আহত ১

চাঁদা চাওয়া মালিক বন্ধ রেখেছিলেন ফার্মেসি। পুলিশ পাহারায় চালুর ১৩ দিনের মাথায় খুলনার চয়নিকা ফার্মেসিতে সন্ত্রাসীরা বোরকা পরে মোটরসাইকেলে এসে গুলি করে। এসময় দোকান মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর টুটপাড়ায় এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন  ফার্মেসির সামনে আসে। তখন সেখানে কোনও পুলিশ ছিল না। কিছু সময় পর একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়।  হঠাৎ বোরকা পরা লোকটি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি করে। এরপর চিৎকার চেঁচামেচি হয়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। আহত অবস্থায় এক রিকশা চালক এগিয়ে এলে তাকে নিয়ে পাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

এর আগে চাঁদা চাওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেয়।পরে পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি খোলা হয়েছিল।

ওসি লোকমান হোসেন বলেন, গুলিটি ফার্মেসি মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফার্মেসিতে নিয়মিত পাহারা রয়েছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দূরে থাকতে পারে।

এর আগে চলতি সপ্তাহে ত্রিশ লাখ টাকা চাঁদার দাবিতে নগরীর একটি রেস্টুরেন্টে পুলিশ পাহাড়ায় দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গ্রেনেড বাবু নামে চাঁদা চাওয়ায় ওই হোটেল মালিক প্রায় ১৫ দিন দোকান বন্ধ রাখে। পুলিশের আশ্বাসে হোটেল খোলার পর এ ঘটনা ঘটে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #ফার্মেসি