কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন ও সাভারের একজনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা সিম্মিন (২৭), তাদের একমাত্র সন্তান স্বর্ণশীষ দত্ত (৩), আফসানার বাবা মো. আকরাম আলী (৬৪), ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ (৩৭)।
শনিবার (২২ আগস্ট) বিকেলে মরদেহ ভারতের স্থলবন্দর পেট্রাপোলে পৌঁছায়। পরে যশোরের বেনাপোল স্থলবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে শূন্যরেখায় বিএসএফ মরদেহগুলো বিজিবির কাছে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আনুষ্ঠানিকতা শেষ করে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে নিজ নিজ বাড়ির উদ্দেশে মরদেহ নিয়ে রওনা হন তাদের স্বজনরা।
কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের মরদেহ গ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। ঢাকার সাভারের সাজুর মরদেহ গ্রহণ করেন তার ভাই মনিরুজ্জামান ।
মরদেহ গ্রহণের সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর দুই দেশের সরকারের কাছে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের আবেদন জানান।
এর আগে শনিবার দুপুরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িতে করে কফিনগুলো বাংলাদেশ উপহাইকমিশনের সামনে নেওয়া হয়। সেখানে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আই/এ