জাতীয়

দেশের শিক্ষা ব্যবস্থা আমূলে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। বলেছেন,রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা কলেজ প্রসঙ্গে তিনি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে তারা সবসময় নেতৃত্বের আসনে ছিলেন।

বিভিন্ন সময় ছাত্রদের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’

এসময় অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #মির্জা ফখরুল ইসলাম #ঢাকা কলেজ