জাতীয়

চাঁদাবাজদের সঙ্গে যদি পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। চাঁদাবাজরা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি এবং গডফাদারদের নাম ব্যবহার করে। আমরা শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সঙ্গে যদি পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের মতো হাইভ্যালু মানুষদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত করে চাঁদাবাজির একটা চেষ্টা করেছিল২০ তারিখের মধ্যে চক্রের সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশের প্রশংসা করি, ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকে ধরতে পেরেছে, কিন্তু পুলিশের আরও কাজ বাকি আছে। এসব সংঘবদ্ধ চাঁদাবাজ যারা আছে সবগুলোকে নির্মূল করতে চাই।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কনসার্টকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এরকম যে গান-বাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আরকি। ওখানকার পরিস্থিতি আলাদা। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিয়েছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী