দেশজুড়ে

নারায়ণগঞ্জে জুতার সোল তৈরির গোডাউনে আগুন

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাগলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে গোডাউনটির প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ৩টার দিকে গোডাউনে আগুন দেখতে পান আশপাশের লোকজন। পরে তারা ফতুল্লা থানা পুলিশ ও পাগলা-আলিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #আগুন #ফতুল্লা