নেত্রকোনার বারহাট্টায় একটি রেলস্টেশন ও ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর বুধবার ভোরে বামনগাঁও বাজারে চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের পিলারে পাটের বস্তা পেঁচিয়ে তাতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবককে প্ল্যাটফর্মে আগুন দিতে দেখা যায়। এ সময় নিচে আরেক যুবককেও দেখা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্টেশনের তিনটি লোহার পিলারে পাটের বস্তা পেঁচিয়ে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছিল। পিলারগুলো লোহার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিথপুর স্টেশনের প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, বুধবার ভোরে বামনগাঁও বাজারে চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পাশের একটি লাকড়ির দোকানেও লাগে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগুনে বিএনপি কার্যালয় ও পাশের একটি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি চম্পক দাম জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি ঘটনারই কারণ অনুসন্ধানে কাজ চলছে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেন এবং বারহাট্টার পাতলি ও নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার আরও তিনটি ঘটনা ঘটেছে।
এমএ//