স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য যা যা প্রয়োজন, বিএনপি সরকার তা করবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্তমানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে সম্পূর্ণ আইনের আওতায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে এই ধৈর্যের সুযোগ নিয়ে কেউ যেন একে দুর্বলতা মনে না করেন।
তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, “কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা ও ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।”
প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে সরাসরি নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমজে/এ