গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আগুন দেওয়ার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। এখন আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে এরা কাজ কীভাবে করবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউজের সামনে তিনি গণমাধ্যমকে এসব জানান।
তিনি বলেন, দেশে যদি আইন মান্যকারী নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন। ধরেন এইখানে ১০ লাখ মানুষ আছে, পুলিশ আছে ২০ জন। যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে তাহলে তো তারা কাজ করতে পারবে না। আপনারা যদি চান পুলিশের এইখানে দরকার নাই তাহলে আপনারা আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।
থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, জনগণ যদি চায় সরকার অবশ্যই সেই স্বীদ্ধান্ত গ্রহণ করবে।
২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি নিয়ে আইজিপি বলেন, বাংলাদেশে এমন অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা হয়েছে, এর শেষ পরিণতি কি হয় তা আপনারা জানেন। আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই।
এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। পরে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির জেলা পুলিশের কল্যানসভায় অংশগ্রহণ করেন। পরে সেখানে জুমার নামাজ শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধান একটি বৈঠক করেন।
এমজে/এ