কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে সব যাত্রীকে বের করে আনেন। স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে অলৌকিকভাবে বাসের সব যাত্রী প্রাণে বেঁচে যান এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসের যাত্রীদের অভিযোগ, বাসে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর চালক বা সহকারী যাত্রীদের বিষয়টি অবহিত করে সাহায্যের পরিবর্তে বাস থেকে পালিয়ে যান।
রামুর তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বরত এসআই মো. ফজলুল হক জানান, ঘটনাস্থলের পাশে আরেকটি দুর্ঘটনা তদারকিতে হাইওয়ে পুলিশের একটি টিম অবস্থান করছিল, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনার পাশাপাশি মালামালও উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে একই কোম্পানির আরেকটি বাস এনে যাত্রীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে হয়।
ওসি একে ফজলুল হক জানান, ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে কোনো অঘটন ছাড়াই যাত্রীদের বাস থেকে বের করে আনা সম্ভব হয়েছে। একটু দেরি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।
আর/আই