আন্তর্জাতিক

কলকাতার হোটেলে আগুন: ৬ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

তবে নিহত অপর বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পর কলকাতাতেই সৎকার করা হবে।

বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে দেশে পাঠানো পর্যন্ত সব ধরনের ব্যয় তারা বহন করছে। এর অংশ হিসেবে শুক্রবার রাতে ছয়জনের মরদেহ কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সাভারের আহামেদ বাবু ও সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহও ময়নাতদন্তের পর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা মরদেহগুলো নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস প্রয়োজনীয় অনাপত্তিপত্র বা এনওসি দেয়।

বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, ময়নাতদন্ত, সরকারি অনুমতিপত্রসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত শেষ করে মরদেহগুলো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে পৌঁছানোর পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কলকাতা #নিউমার্কেট #অগ্নিকাণ্ড #বাংলাদেশি