দেশজুড়ে

সাবেক সমন্বয়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির প্রবেশপথে পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহিন সরকার জানান,ঘটনার সময় ঢাকায় ছিলেন। তার বাড়িতে অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। তবে সেটি দেয়ালে আঘাত করে প্রবেশগেটের কাছে পড়ায় সেখানে আগুনের সূত্রপাত হয়।

আগুনে বাড়ির প্রবেশগেট পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান।

মাহিনের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনলাইন মাধ্যমে ও অন্যান্যভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকির ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।

ঘটনার পর বেলকুচি থানার ওসির সঙ্গে তিনি যোগাযোগ  করেছেন। তার সঙ্গে কথা বলে পুলিশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।

ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। সেখানে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহিন সরকার