অতীত কর্মকাণ্ড থেকে শেখ হাসিনা শিক্ষা নেয়নি, তাই দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, আইনি নিষেধাজ্ঞা বা বলপ্রয়োগ করে সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে চিরতরে দাবিয়ে রাখা যায় না। ফ্যাসিবাদী মানসিকতা সাময়িকভাবে কাউকে কোণঠাসা করতে পারলেও সত্য কখনো দীর্ঘস্থায়ীভাবে বন্দি থাকে না, বরং প্রকৃতি ও নিজস্ব নিয়মে তার প্রকাশ ঘটে।
তারেক রহমানকে নিয়ে রচিত এই গ্রন্থটিকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নিপীড়নের মুখেও তারেক রহমান ও তার পরিবারের আত্মত্যাগ সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আকর্ষণকে আরও দৃঢ় করেছে।
ইতিহাস থেকে স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, হিটলার থেকে শুরু করে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
আর/আই