বিএনপি

ধৈর্যের সীমা যেন ভেঙে না যায়, হুঁশিয়ারি রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক শক্তির নেতারা ভারতে বসে দেশে থাকা কর্মীদের দিয়ে পুলিশের গাড়িতে বোমা মারছে, আগুন দিচ্ছে, বিএনপি নেতার বাড়িতে আগুন দিচ্ছে। তবে ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেটি মনে রাখতে হবে। বিদেশ থেকে উসকানি দিয়ে কোনও লাভ হবে না।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা তার বাপের রাজত্ব উদ্ধারের জন্য কিছু টোকাইকে দিয়ে বোমা মেরে তিনি ভারত থেকে উস্কানি দিয়ে প্রত্যাবর্তন করবেন এমনটি ভাবলে তিনি ভুল করবেন। যে দেশে জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মত ব্যক্তিরা জন্ম নেয়। সেই দেশের মানুষ শেখ হাসিনাকে মেনে নেবে না।

তিনি বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন।

তিনি আরও বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী