রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাত করা হত্যা করেছে দুর্বৃত্তরা । নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬)।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা। ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে নাঈমুরকে বাঁচাতে এলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পিঠে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ জানান,হোটেলের সামনে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তাঁর সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষিপ্ত ছিলেন।
এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ