জাতীয়

নতুন দুটি থানা-পৌরসভা গঠনের অনুমোদন সরকারের

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান নির্ধারণে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন পায়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলার আওতাধীন এলাকায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।

নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে পৌরসভা গঠন করা হবে।

অন্যদিকে, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে। নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তন করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের কথা ছিল। নতুন সিদ্ধান্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও বদলানো হয়েছে। আগে খামারগ্রাম মৌজায় সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত থাকলেও এখন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় তা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পৌরসভা #থানা