নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যয় হবে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান করা হবে। এরপর ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার কথা রয়েছে। ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্যও প্রস্তাব পাঠানো হবে।
তবে প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে নয়, সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার একটি প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এই প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।
এদিকে নারীদের জন্য চালু করা পিংক বাস সেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এই সেবা শুরু হয়। নারী চালক ও সহকারীদের পরিচালনায় বাসগুলো প্রতিদিন সকালে ও বিকেলে দুটি করে যাত্রা করে। তবে অনেক সময় আসন ফাঁকা থাকছে।
বিআরটিসি চেয়ারম্যানের মতে, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় তাদের স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারছেন না। ফলে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে।
এই পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।
এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে সামাজিক জরিপ চালানোর পরিকল্পনা করছে সংস্থাটি।
বিআরটিসি জানিয়েছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে শুধু রাজধানীতেই নয়, দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা সম্ভব হবে।
এসি//