ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। তিনি বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোটে কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।
পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, “আমি জানি না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।”
এদিকে বিজেপির প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভের দাবি, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগেও হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।
এসি//