আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছিলেন বলে জানিয়েছেন আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মামলাটির রায় ঘোষণা করা হয়। 

প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ার সময় ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মধ্যে কয়েকটিতে গণহত্যার অভিপ্রায় ছিল বলে উল্লেখ করেন তিনি।

২০১৭ সালের সামরিক অভিযানের সময় সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সামরিক অভিযান চালিয়েছিল মিয়ানমার। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশনা চেয়েছিল।

অন্যদিকে, মিয়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পুলিশের বিভিন্ন চৌকিতে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান শুরু করে।

রায়ে আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংসতার বিষয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল। 

সশস্ত্র বেসামরিক ব্যক্তিদের অভিযানে অংশ নেওয়ার সময়ও গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের সচেতন থাকার কথা ছিল। তা সত্ত্বেও গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক আইনে নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।

সূত্র: আলজাজিরা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রোহিঙ্গা #মিয়ানমার #ইউজি ইওয়াসাওয়া