পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অবসান চেয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ ইসমাইল কাওসারি। অঞ্চলটি ছেড়ে যুক্তরাষ্ট্রকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সংবাদ সংস্থা মেহরকে দেওয়া সাক্ষাৎকারে কাওসারি বলেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের আর নেই। ওয়াশিংটন কখনো স্থল অভিযান চালানোর হুমকি দিচ্ছে, আবার কখনো হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কথা বলছে।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, স্থল, আকাশ ও নৌ অবরোধ আরোপের পরিকল্পনা নিয়েও আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
কাওসারি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত পশ্চিম এশিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়া এবং ভৌগোলিকভাবে নিজ অঞ্চলে ফিরে যাওয়া। পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের দূরত্ব প্রায় ১২ হাজার কিলোমিটার বলেও উল্লেখ করেন তিনি।
এমএ//