রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে একটি হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এমএ//