নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গেল রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আমিনুর। দুই মাসের মধ্যে সেই টাকা শোধ করার কথা থাকলেও রাজিব নানা টালবাহানা করে সময় পার করছিলেন।
সর্বশেষ ঘটনার দিন শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আমিনুরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকেন রাজিব। আমিনুর তখন তার ভাই আলিনুর ফকিরকে সঙ্গে নিয়ে সেখানে যান।
সেখানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায় এবং আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ স্মিথ মিয়া আলিনুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক অজিত কুমার রায় রোববার (১৯ জুলাই) সকালে জানান, ঘটনার রাতেই খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
আর/আই