নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সাজিবুল ইসলাম অপূর্ব (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের পুরোনো সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরে উপপরিদর্শক শফিকুল ইসলাম হত্যা মামলায় নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছিলেন অপূর্ব। পুলিশের দাবি, ২০২৫ সালে চেহারার মিল থাকায় সাংবাদিক আলিফ ফকির ভেবে ভুলবশত শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন তারা।
পুলিশ জানায়, অপূর্বের গতিবিধির ওপর নজর রাখার পর শনিবার রাতে মধ্যবাজারের পুরোনো সিনেমা হল এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে সেখানে এলে তাঁকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ হত্যাকাণ্ড সম্পর্কে অপূর্ব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে পাঁচ থেকে ছয়জনের একটি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে অর্থের জোগানদাতা হিসেবে আরও বড় একটি চক্রের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গেল ১৫ অক্টোবর রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির। ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এছাড়া একটি গুলিও উদ্ধার করা হয়।
এমএ//