বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের শিরোপা জয় উদযাপনে নানামুখী প্রস্তুতি নিচ্ছেন সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে আর্জেন্টিনা ভক্তরা গরু জবাই করে এক বিশাল ভুরিভোজের আয়োজন করেছেন।
রবিবার (১৯ জুলাই) ফাইনাল খেলা উপলক্ষে পবনাপাড় গ্রামের কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এই আনন্দ উৎসবের উদ্যোগ নেওয়া হয়। সকাল থেকেই আশেপাশের বিভিন্ন অঞ্চলের আর্জেন্টিনা সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
কেবল এই গ্রামেই নয়, উপজেলার আরও বেশ কয়েকটি এলাকায় আর্জেন্টিনার সমর্থকেরা এমন প্রীতিভোজের আয়োজন করেছেন। এছাড়া খেলা উপভোগ করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে বড় পর্দার (প্রজেক্টর) ব্যবস্থা করা হয়েছে। ফুটবলপ্রেমীদের ব্যক্তিগত উদ্যোগেও ঘরে ঘরে চলছে বিশেষ খাবারের আয়োজন।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সময়ও আমরা এমন ভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়েছে। আমাদের সমর্থকদের পাশাপাশি এলাকার এতিম ও দুস্থ মানুষের মাঝেও এই খাবার বিতরণ করা হবে।
এদিকে উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা ভক্ত মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে মোট ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা মাঠে আসবেন, তাদের সবার জন্যই নৈশভোজের ব্যবস্থা রাখা হয়েছে।
আর/আই