কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ফুলবাড়ীতে মাছ ধরার চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। সাপটি দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ এসে ভিড় করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা ও বারোমাসিয়া নদীর মধ্যবর্তী একটি বিলে সাপটি ধরা পড়ে। আজ (১৯ অক্টোবর) সকালে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অজগরটি উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ওই বিলে নিয়মিত চায়না দুয়ারী রিং জাল পেতে মাছ ধরেন। গতকাল দুপুরে জাল তুলতে গিয়ে তিনি এর ভেতরে অজগরটি দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহযোগিতায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয় ময়নুদ্দিন ও কুদ্দুস আলী জানান, তাঁরা এর আগে কখনো নিজের চোখে অজগর সাপ দেখেননি। সাপটি আটকা পড়ার খবর পেয়ে রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত দূর-দূরান্তের শত শত মানুষ এটি দেখতে আসেন। অনেকে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও হাবিবুর জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৬ থেকে ৭ ফুট হতে পারে। তাঁদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে। কারণ, সাপটি যেখানে ধরা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত অবস্থিত। তবে সাপটির প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল।
তিনি আরও জানান সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী নুর হাসান নাহিদ জানান, ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই/এ