দেশজুড়ে

টাকা ভাঙ্গতি না দেয়ায় দোকানদারকে হত্যা, দোকানে অগ্নিসংযোগ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে টাকা ভাঙ্গতি না দেয়ায় আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় যান। তারা বারীর দোকানে টাকা ভাঙ্গাতে গেলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে। এসময় দোকানের শাটারের তালা ভেঙে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এলে  বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে বারীর স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #দোকান