দেশজুড়ে

সেলুনে চুল কাটার সময় এলোপাতাড়ি গুলি, যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে সেলুনে চুল কাটার সময় ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। ফরহাদ কেরানীগঞ্জের আরশিনগর এলাকার মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার নুরাবাদ গ্রামে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটের দিকে তিনজন সেলুনটিতে ঢোকে। সেলুনে ঢোকার আগেই প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে সেলুনের ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে একজন। গুলির ভয়ে সেলুনের ভেতরে থাকা অন্য ব্যক্তিরা দৌড়ে বাইরে বের হয়ে আসেন। এরপর বাকি দুজন কোমর থেকে ধারালো চাপাতি বের করে সেলুনের ভেতরে ঢুকে পড়ে। ফরহাদ লুঙ্গি পরা অবস্থায় খালি গায়ে সেলুনের বাইরে বের হয়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে একজন তাঁর লুঙ্গি টেনে ধরে রাখা। এ সময় আরেকজন তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফরহাদের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আখতার হোসেনের দাবি, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে কিশোর গ্যাং সদস্য আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ সাতআটজন এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন আলাদা টাকা দাবি করে। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বিরোধ হয়। এর জেরেই তাকে আজ হত্যা করা হয়েছে।

মোহাম্মদপুর থানাপুলিশ জানিয়েছে, নিহত ফরহাদ নিজেও কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য। মোহাম্মদপুরের বোটঘাট ও ময়ূরভিলা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

ওসি রুহুল কুদ্দুস বলেন,প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন এ ঘটনায় জড়িত দুই গ্রুপই মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে ঘটনাটি ঘটিয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কেরানীগঞ্জ