দেশজুড়ে

কুষ্টিয়ার লালনের আখড়া থেকে টাইম বোমা উদ্ধার, বিজিবি মোতায়েন

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা উদ্ধার করে পুলিশ। আজ (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতে কুমারখালী থানার ওসি জানতে পারেন আখড়াবাড়ির ভেতর বোমা আছে। এরপর সেটি কর্ডন করে রাখা হয়। এটা টাইম বোমা ছিল। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারত। আল্লাহ বাঁচিয়েছেন। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটা নিষ্ক্রিয় করেছে। আখড়াবাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো আখড়াবাড়ি তল্লাশি চালানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে,  রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। পাশেই ছিল পুলিশ বক্স।

এদিকে বোমা উদ্ধারের পর লালন আখড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুলিশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। হয়তো কেউ আতঙ্ক ছড়াতে এমনটি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লালন #বোমা