দেশজুড়ে

আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উদযাপনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শহরের ছোটবাজার শহীদ মিনার এলাকার একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকেরা শহরে আনন্দ মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিও ধারণ করতে দীপ্ত একটি দোতলা ভবনের ছাদে ওঠেন। এ সময় তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, রাত প্রায় ৩টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #আর্জেন্টিনা #মৃত্যু