খেলাধুলা

৬ বছর আগে চিরবিদায়, আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ও আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ফুটবলের এই জাদুকর। মৃত্যুর ছয় বছর পরও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছেন তিনি।

ম্যারাডোনা ছিলেন কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। মাঠে তার অসাধারণ ড্রিবলিং, বলের নিয়ন্ত্রণ, নিখুঁত পাস ও গোল করার দক্ষতা তাকে ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের সারিতে স্থান করে দেয়।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের কাছে ভিয়া ফিওরিতোতে জন্ম ম্যারাডোনার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর আগ্রহ। মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির মতো বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি।

ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। তার নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ওই আসরের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি স্মরণীয় গোল করেন তিনি।

ম্যারাডোনার প্রথম গোলটি বিশ্বজুড়ে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। এর পরপরই ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে একক প্রচেষ্টায় দ্বিতীয় গোলটি করেন তিনি। পরবর্তী সময়ে এই গোল ফুটবল ইতিহাসের শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।

ক্লাব ফুটবলেও ম্যারাডোনা নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ইতালির নাপোলিতে খেলতে গিয়ে পান অসাধারণ সাফল্য। তার নেতৃত্বে ক্লাবটি দুবার সিরি আ শিরোপা জেতে। নাপোলির হয়ে উয়েফা কাপও জয় করেন তিনি। ক্লাবটির সাফল্যে তার অবদান তাকে নেপলসের মানুষের কাছে বিশেষ ভালোবাসার মানুষ করে তোলে।

ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়েও যুক্ত হন ম্যারাডোনা। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। পরে নিজ বাসায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর পর আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল।

তথ্যসূত্র: ফিফা, বিবিসি ও এপি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল #ম্যারাডোনা #দিয়েগো ম্যারাডোনা