দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি শেফালী বেগম। পুলিশের গাড়ি বাড়ির সামনে থামতেই ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ছেলে বাদল ফরাজীকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে বাগেরহাটের মোংলার মোর্শেদ রোডের বাড়িতে পৌঁছান তিনি। স্বজনদের চোখেও তখন আনন্দের অশ্রু। মাকে জড়িয়ে ধরে বাদল বলেন, ‘এই তো আমি ফিরে আসছি।’
তবে দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেকে কাছে পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না শেফালী বেগম। কারণ, এই ফেরা সাময়িক। মায়ের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন মাত্র চার সপ্তাহ। এরপর আবারও কারাগারে ফিরে যেতে হবে বাদলকে।
মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল। পরে তাকে নেওয়া হয় বাগেরহাট জেলা কারাগারে। সেখান থেকে রাতে মোংলা থানায় মায়ের ও বোনের সঙ্গে দেখা করেন তিনি। এরপর পুলিশি পাহারায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ছেলের ফেরার অপেক্ষায় বাড়িতে খাবারের আয়োজন করেছিলেন বোনেরা। রান্না করা হয়েছিল শাকভাজি, গরুর মাংস ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিম ভুনা। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে বসিয়ে নিজের হাতে খাবার তুলে দেন মা। এত বছর যে ছেলেকে কাছে বসিয়ে খাওয়ানোর সুযোগ পাননি, অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো তাঁর।
তবে ছেলেকে কাছে পাওয়ার আনন্দের মধ্যেও স্থায়ীভাবে তাকে ফিরে পাওয়ার আকুতি রয়েছে শেফালী বেগমের।
তিনি বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।’
বাদলের বোন আকলিমা বেগম জানান, অসুস্থ মায়ের পাশে কিছুদিন থাকার সুযোগ করে দিতে পরিবারের পক্ষ থেকে এক মাসের প্যারোল চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। পরিবারের আশা, সাময়িক এই মুক্তির পর বাদল স্থায়ীভাবে মুক্তি পাবেন।
বুধবার সকালেও বাদলকে দেখতে বাড়িতে আসেন স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন অনেকে। প্রতিবেশী মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, প্যারোলের নির্দেশনা অনুযায়ী বাদল ফরাজীর বিষয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। চার সপ্তাহের প্যারোলের শর্ত মেনেই তাকে বাড়িতে রাখা হয়েছে।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখার নির্দেশনায় ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী বাদল ফরাজীর চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, মানবিক কারণে প্রচলিত ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে।
বাদল ফরাজীর দীর্ঘ কারাবাসের শুরু ২০০৮ সালে ভারতের দিল্লিতে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগরে নির্মলা মদন নামে এক বৃদ্ধা খুন হন। এ ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামে এক গৃহকর্মীকে খুঁজছিল।
এর দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী।
অভিযোগ রয়েছে, নামের মিল থাকায় তাকে ওই বাদল সিং ভেবে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বাদল বারবার নিজের পরিচয় দিয়ে জানান, তিনি সেই ব্যক্তি নন। তবে ভাষাগত সমস্যার কারণে নিজের বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে জানা যায়। তার কাছে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি থাকার পরও ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
কারাগারে থেকেও পড়াশোনা চালিয়ে যান বাদল। বন্দিজীবনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি।
২০১৮ সালের ৬ জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফিরেও মুক্তি পাননি তিনি। কারাগারেই কাটতে থাকে তার জীবন। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় মারা যান তার বাবা। বাবার মৃত্যুর সময়ও পরিবারের পাশে থাকতে পারেননি ছেলে।
বাদলের দীর্ঘ কারাবাস ও মামলার ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রচার-প্রচারণাও হয়েছে। তবে ১৮ বছর পর মায়ের কাছে ফেরার সুযোগ পেলেও স্বস্তি মিলছে না পরিবারটির। চার সপ্তাহ পর আবারও কারাগারে ফিরতে হবে বাদলকে।
পরিচিত বাড়ি, স্বজনদের সান্নিধ্য, প্রতিবেশীদের ভালোবাসা আর মায়ের হাতে রান্না করা খাবার—সব মিলিয়ে দীর্ঘদিন পর নিজের জীবনের চেনা পরিবেশে ফিরেছেন তিনি। কিন্তু এই আনন্দের মধ্যেই রয়েছে আবার বিচ্ছেদের শঙ্কা। দিন যত গড়াবে, মায়ের কাছে থেকে বিদায়ের সময়ও তত ঘনিয়ে আসবে।
শেফালী বেগমের চাওয়া, চার সপ্তাহের এই সাময়িক মুক্তি যেন একদিন স্থায়ী হয়। জীবনের শেষ সময়টুকু ছেলেকে কাছে নিয়েই কাটাতে চান তিনি। আর বাদল যেন আর কখনো মায়ের বাড়ি ছেড়ে কারাগারে ফিরে যেতে বাধ্য না হন।
এসি//