দেশজুড়ে

চাল বিতরণে অনিয়ম, দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে জালিয়াতি ও অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সোমবার (১৩ জুলাই) রা‌তে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন

সাময়িক বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন এবং মদাপুর ইউপি চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক

এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত রোববার বিকেলে প্রজ্ঞাপনটি উপজেলা প্রশাসনের হাতে পৌঁছায়। এরপর গতকাল সোমবার থেকে ওই দুই চেয়ারম্যান কোনো ধরনের দাপ্তরিক দায়িত্ব পালন করছেন না

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগটি তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এই কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(খ) ও ৩৪(ঘ) ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাঁদের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়

ইউএনও মেজবাহ উদ্দীন জানান, রোববার বিকেলে বরখাস্তের চিঠি হাতে পাওয়ার পরপরই সংশ্লিষ্ট দুই চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। সোমবার থেকে তারা দায়িত্ব পালন থেকে বিরত আছেন। পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ভিজিএফ কর্মসূচি #চেয়ারম্যান #বরখাস্ত