পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে বিভিন্ন গ্রেডে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত মজুরি বাড়ানো হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পর তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি চূড়ান্ত হয়েছে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে।
নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মজুরি সবচেয়ে বেশি বেড়েছে। এ গ্রেডে ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এ গ্রেডে আগে ১৪ হাজার ২৭৩ টাকা মজুরি থাকলেও নতুন কাঠামোতে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা।
জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
গ্রেডভিত্তিক নতুন মজুরি
| পদ ও গ্রেড | পূর্বের মজুরি | নতুন মজুরি | বৃদ্ধি |
| সিনিয়র অপারেটর (১ম গ্রেড) | ১৫,০৩৫ টাকা | ২১,৫০০ টাকা | ৬,৪৬৫ টাকা |
| অপারেটর (২য় গ্রেড) | ১৪,২৭৩ টাকা | ২০,০০০ টাকা | ৫,৭২৭ টাকা |
| জুনিয়র অপারেটর (৩য় গ্রেড) | ১৩,৫৫০ টাকা | ১৯,২০০ টাকা | ৫,৬৫০ টাকা |
| নিম্নতম গ্রেড | ১২,৫০০ টাকা | ১৭,০০০ টাকা | ৪,৫০০ টাকা |
এর আগে মঙ্গলবার বেলা সোয়া ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ সভা শুরু হয়। প্রায় ১০ ঘণ্টার আলোচনা শেষে সভাটি দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়।
সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় মালিকপক্ষ পরে তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।
এরপর বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে শেষ পর্যন্ত সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
শ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এমএ//