জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি দেশের উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, পরামর্শসেবা, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবার তথ্য এক জায়গা থেকেই পাওয়া যাবে। একই সঙ্গে এটি উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দেশের স্টার্টআপ পরিবেশকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। আর স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান। সেদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছিলেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা বিশ্ববিদ্যালয় #প্রধানমন্ত্রী তারেক রহমান