আন্তর্জাতিক

মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) দেশটির সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

কাতারের আমিরের দপ্তর এক শোকবার্তায় জানায়, গভীর শোকের সঙ্গে সাবেক ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতির কথা স্মরণ করা হচ্ছে। তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

শেখ হামাদকে আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বে দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।

১৯৯৫ সালের জুনে নিজের বাবা শেখ খলিফা বিন হামাদ আল থানি বিদেশে থাকা অবস্থায় রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হামাদ। এরপর তিনি কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাসের সম্পদকে কাজে লাগিয়ে দেশটিকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করার ভিত্তি গড়ে তোলেন।

তার শাসনামলেই ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, জ্বালানি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক সংস্কারের মাধ্যমে কাতারের বৈশ্বিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

২০১৩ সালের জুনে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে নিজের ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেন। সাম্প্রতিক আরব বিশ্বের ইতিহাসে এটি ছিল বিরল এক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা।

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শেখ হামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শেখ হামাদ আধুনিক কাতার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং পাকিস্তানের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে বিশেষ অবদান রেখেছেন। তার দূরদর্শী নেতৃত্ব এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রায় ৩০ লাখ মানুষের দেশ কাতার আরব বিশ্বের অন্যতম ছোট রাষ্ট্র। দেশটির অধিকাংশ বাসিন্দাই বিদেশি কর্মী। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের আগে কাতার ৫৫ বছর ব্রিটিশ সুরক্ষিত রাষ্ট্র ছিল। উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে দেশটি আল থানি রাজপরিবারের শাসনের অধীনে রয়েছে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাতার #আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি #মৃত্যু