আন্তর্জাতিক

গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে নিহত ১৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহর পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা সেখান থেকে গুরুতর দগ্ধ দুজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের শহিদ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

এদিকে, গাজা সিটির শাতি শরণার্থীশিবিরে ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই শহরের দারাজ এলাকায় পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। আত-তাওয়াম ও জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবুতেও হামলা চালানো হয়েছে।

খান ইউনিসে পুলিশসহ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ করেছে মন্ত্রণালয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল