দেশজুড়ে

গোপালগঞ্জে গরুর বদলে শুধু শুকরের মাংস বিক্রির হুমকি!

বায়ান্ন প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুরে গরুর মাংস বিক্রি বন্ধ করে, কেবল শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার একটি অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

গত ১৫ মে (শুক্রবার) দুপুরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব সেখানে গিয়ে গরুর মাংস বিক্রি বন্ধ করে ভয়ভীতি ও হুমকি দেয় বলে অভিযোগ করেছেন,আলমগীর মোল্লা নামে এক মাংস বিক্রেতা।

এ ঘটনায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদের সীমানার পাশে মাংস বিক্রেতা স্থানীয় পুলিশ ফাঁড়ির পরিদর্শকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬ মে (মঙ্গলবার) পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি ও মসজিদের ইমামের উপস্থিতিতে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে মুকসুদপুর থানার ওসি জানান, পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি ছিল। কে গরু জবাই করবে আর কে শুকর জবাই করবে -এটা দেখার দায়িত্ব পুলিশের নয়। পুলিশ সুপার স্যারের উপস্থিতিতে বিষয়টি আজ সমাধান হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বজায় রেখে প্রত্যেকে যার যার পছন্দমতো গরুর বা শুকরের মাংস বিক্রি করবেন, এতে কোনো বাধা থাকবে না।

প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে মাংস বিক্রেতা আলমগীর মোল্লা পুনরায় সেখানে গরুর মাংস বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শুকরের মাংস #ভয়ভীতি