বিনোদন

আজ আদালতে হাজির হয়ে জামিন চাইবেন পরীমনি

বিনোদন ডেস্ক

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন তিনি।

এর আগে বুধবার (০৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন।

আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি তার মক্কেল।

তবে এ আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল।

তিনি অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না এবং বারবার সময় চেয়ে আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন খারিজ করে তার জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

বুধবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, তার মক্কেল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। জামিন পাওয়ার বিষয়েও আশাবাদী তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযোগ অনুযায়ী, ওই দিন ঢাকার বোট ক্লাবে বাদীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন মাহমুদ।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৩ সালের ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এরপর ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ফলে বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা পাল্টাপাল্টি মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও চিত্রনায়িকা পরীমনি দুজনই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পরীমনি #আত্মসমর্পণ #জামিন